‘জুম্মদের তাড়িয়ে ভূমি দখলের জন্য মাটিরাঙায় হামলা’
জুম চাষীদের তাড়িয়ে ভূমি দখলের উদ্দেশ্যে খাগড়াছড়ির মাটিরাঙায় পাহাড়ি গ্রামে হামলা হয় বলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দাবি করেছে।
গত ৩ অগাস্ট মাটিরাঙার তাইন্দংয়ে পাহাড়িদের বসতিতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা নিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ দাবি করেছে পাহাড়িদের এ সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়, জুম্মদের ওপর হামলা, ঘর-বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্বল করা এবং চূড়ান্তভাবে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে তাদের জায়গা-জমি দখল করার উদ্দেশ্যে হামলা চালানো হয়।
হামলার জন্য পাহাড়ি বাঙালিদের দায়ী করা হয়। আর উস্কানি দেয়ার জন্য দায়ী করা হয়েছে পাহাড়িদের আরেক সংগঠন ইউপিডিএফকে।
এ হামলায় আনুমানিক দুই কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে জনসংহতি সমিতি।
ওই পাহাড়ি গ্রামগুলোর পাশে সীমান্ত রক্ষা বাহিনীর (বিজিবি) ক্যাম্প থাকলেও তারা এ সহিংসতা ঠেকাতে কোনো কার্যকর ভূমিকা নেয়নি বলে অভিযোগ করা হয় প্রতিবেদনে।
জনসংহতি সমিতি বলেছে, ওই হামলায় জুম্ম সম্প্রদায়ের ১১টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাইন্দংয়ের সর্বেশ্বর পাড়ায় বৌদ্ধ বিহারের একটি ঘরসহ ১৯টি বাড়ি, বগা পাড়ায় ১২টি, তালুকদার পাড়ায় দুটি ও বান্দরসিং পাড়ায় (ভগবান টিলা) তিনটি বাড়ি মোট ৩৬টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এছাড়াও সর্বেশ্বর পাড়া জনশক্তি বৌদ্ধ বিহার ও মনুদাস পাড়া বৌদ্ধ বিহার নামে দুটি বৌদ্ধ মন্দিরসহ প্রায় চারশ’ ঘর-বাড়িতে লুটপাট ও ভাংচুর করা হয় বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে।
ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে জনসংহতি সমিতি।
এক বাঙালি মোটরসাইকেল চালকের অপহরণকে কেন্দ্র করে গত ৩ অগাস্ট তাইন্দংয়ে সীমান্তবর্তী তিন পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট হয়। ভয়ে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে গিয়ে আশ্রয় নেয় আতঙ্কিত শতাধিক পাহাড়ি পরিবার।
পরে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের আশ্বাস পেয়ে বসতিতে ফিরে আসে পাহাড়িরা।
