২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সন্তানকে নিয়ে এখন স্বামী ও দুই সন্তানের জন্য আহাজারি

কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তি ও তার দুই সন্তানের সন্ধান ২৪ ঘণ্টায়ও মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট দীপঙ্কর রায় বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি ডুবরী দল এবং কোস্টগার্ডের পেট্রোল দল অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “নদীতে অসংখ্য ট্রলার ও লাইটারেজ রয়েছে। কেউ কোনো দেহ দেখেছে কি না, সে খোঁজও নেয়া হচ্ছে।”

বুধবার রাত ৮টার দিকে  চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মদিনা-৩ নামে মাছ ধরার এক ট্রলারের ধাক্কায় পাঁচজন যাত্রীসহ উল্টে যায় ইঞ্জিনচালিত একটি নৌকা।

এতে ডুবে যান ব্যবসায়ী মো. হারুন (৪০) এবং তার দুই শিশু সন্তান মারুফ (১৩) ও ইসরাত (৭)।

হারুনের স্ত্রী পারভিন আকতার (৩০) ও তাদের অন্য শিশু সন্তান মিরাজ (৭) জীবিত উদ্ধার হন। নিখোঁজ ইসরাত ও উদ্ধার হওয়া মিরাজ হারুন-পারভিন দম্পতির যমজ সন্তান।

নিখোঁজদের স্বজন মো. রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হারুন নগরীর বাংলা বাজার এলাকায় জাহাজের রশি ও পুরানো জিনিসের ব্যবসা করতেন। রশিদ বিল্ডিং দুই নম্বর গলিতে তার বাসা।

তিনি বলেন, গত বৃহস্পতিবার হারুন তার পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামে যান। সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনায় পড়েন।

“শাহ আমানত ব্রিজের দক্ষিণ পাশে বাস থেকে নেমে যানজট এড়িয়ে দ্রুত বাসায় পৌঁছাতে নৌকা ভাড়া করেন হারুন। নদীর মাঝে ট্রলারের ধাক্কায় নৌকাটি উল্টে গেলে হারুন তার দুই সন্তান মারুফ ও ইসরাতকে এবং পারভিন মিরাজকে জড়িয়ে ধরেন।”

রাজ্জাক বলেন, পারভিন ও মিরাজ অন্য নৌকার মাঝিদের সহায়তায় উদ্ধার হলেও হারুন তার সঙ্গে থাকা দুই সন্তানকে নিয়ে ডুবে যান।

Image
কর্ণফুলী নদীতে নৌকা ও জাহাজের চলাচল (ফাইল ছবি)

কর্ণফুলী নদীতে নৌকা ও জাহাজের চলাচল (ফাইল ছবি)

কোস্টগার্ড কর্মকর্তা দীপঙ্কর বলেন, “আমাদের অভিজ্ঞতা থেকে ধারণা করছি, ওই সময়ে নদীতে স্রোত বেশি থাকায় ঘটনার এক ঘণ্টার মধ্যেই দেহগুলো সাগরের দিকে চলে যেতে পারে।”

এ ঘটনায় কর্ণফুলী নদীর সাম্পান মালিক সমিতির সভাপতি জাফর আহমেদ বাদি হয়ে একটি মামলা করেন।

রাতেই  কোস্ট গার্ড ও স্থানীয় মাঝিরা শাহ আমানত ব্রিজ এলাকা থেকে ট্রলারটি আটক করলেও পালিয়ে যায় ট্রলার চালক।