‘ভোলায় বিদ্যুৎ বিপর্যয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা’
ভোলায় টানা ৭৪ ঘণ্টা বিদ্যুতহীন থাকার ক্ষেত্রে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
বুধবার ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে নিজের ক্ষোভও প্রকাশ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য।
শনিবার রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর মঙ্গলবার আলো আসলেও অন্ধকার কাটেনি ভোলায়।
ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এ টেলিকনফারেন্সে জাতীয়, স্থানীয় ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমেদ সাংবাদিকদেরকে বলেন, ওজোপাডিকোর (ওয়েষ্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) উর্ধতন কর্তৃপক্ষকে ভোলা থেকে পরিস্থিতি জানানোর পরও কেন ব্যবস্থা নিলেন না সে ব্যাপারেও কঠোর ব্যবস্থা নিতে হবে।
গ্যাসভিত্তিক ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল বিদ্যুত কেন্দ্রের বিপর্যয়ের কারণেই ভোলা শনিবার রাত থেকে আলোহীন ছিল।
দায়িত্বে অবহেলার কারণে ভোলায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজিপাডিকো) প্রধান নির্বাহী প্রকৌশলীকে বরখাস্ত করা হয়।
পরে তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে সাব মেরিন ক্যাবল স্থাপনের পর জাতীয় গ্রিড থেকে মঙ্গলবার রাত পৌনে ১১টায় ৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।
রেন্টাল বিদ্যুত কেন্দ্রটি মেরামতের জন্য তিন সদস্যের বিশেষজ্ঞ দল শুক্রবারের মধ্য আসবেন বলেও জানান তিনি।
এ সময় বিদ্যুৎ বিপর্যয়ের খবর যথাযথভাবে গণমাধ্যমে তুলে ধরার জন্য ভোলার সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।
