কক্সবাজারে ২ পর্যটক হামলার শিকার
উত্ত্যক্তে বাধা দেয়ায় কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন একটি রেস্তোঁরায় সিঙ্গাপুরের দুই নাগরিক হামলার শিকার হয়েছেন।
মঙ্গলবার রাতে সৈকতের লাবণী পয়েন্টে অবস্থিত কয়লা রেস্তোরাঁয় এ হামলা হয় বলে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে।
আহত তৌহিদুর রহমান তুহিন ও তার স্ত্রী ফারজানা সিদ্দিকী রোজ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় কয়লা রেস্তোঁরায় থাকা প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, রাত ১০টার দিকে সিঙ্গাপুরের এক নারী ও এক পুরুষ এসে নাস্তার অর্ডার দিয়ে অবস্থান করছিলেন।
এ সময় পাশের টেবিল থেকে কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়লা রোস্তারাঁর কর্মচারী জহির ও বিদ্যুৎ এসে ওই পর্যটক দম্পতিকে মারধর শুরু করে।
এ ঘটনায় কর্মচারী বিদ্যুৎ ও ঢাকা থেকে আসা পর্যটক মারুফকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে হামলার শিকারা লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান পুলিশ কর্মকর্তা।
ফারজানা সিদ্দিকী রোজ জানান, তারা ১৩ জন কক্সবাজার এসে কলাতলীর আবাসিক হোটেল সী ওয়ালে অবস্থান করছেন। নাস্তা করতে এসে কর্মচারীর হামলায় তার স্বামী ও তিনি আহত হন।
