২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢিলে তরুণীর মৃত্যু : গ্রেপ্তার রুবেলকে রিমান্ডে চায় পুলিশ

চলন্ত ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে তরুণী নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার রুবেলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 07:18 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

মঙ্গলবার রুবেলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। আদালত আগামী ১৮ অগাস্ট এর শুনানির দিন ধার্য করেছেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় করা নিয়মিত মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

“তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। ঘটনায় চার-পাঁচ জন জড়িত থাকার বিষয়টিও জানতে পেরেছি। তবে তদন্তের স্বার্থে নামগুলো গোপন রাখছি।”

গত শনিবার রাতে ঢাকামুখী তূর্ণা নিশিথা ট্রেন চট্টগ্রামের ভাটিয়ারী ভাঙ্গা সেতু এলাকায় পৌঁছালে ট্রেনের জানালা লক্ষ্য করে দুর্বৃত্তরা পাথর ছোড়ে। ঢিলের আঘাতে প্রীতি দাশ নামের এক তরুণী নিহত হন।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করে। গত সোমবার ঘটনাস্থলে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, রুবেল সন্দ্বীপের স্থায়ী বাসিন্দা এবং হিউম্যান হলার ও টেম্পোতে অনিয়মিত চালক ও সহকারী হিসেবে কাজ করে।