ফেলানী হত্যাকাণ্ডের ‘স্বস্তিময়’ উপসংহার চায় সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ফেলানী হত্যার ব্যাপারে একটি ‘স্বস্তিময়’ উপসংহার চায় সরকার।
আড়াই বছর আগে সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডের জন্য বিএসএফের এক সদস্যের বিচার শুরুর দিন মঙ্গলবার তিনি সাংবাদিকদের একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ হত্যার ঘটনায় ন্যায়বিচার করা সম্ভব হলে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে পঞ্চদশী ফেলানীকে গুলি চালিয়ে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষীরা।
মঙ্গলবার কুচবিহারে বিএসএফের একটি বিশেষ আদালতে বাংলাদেশি কিশোরী হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে।
মামলায় সাক্ষ্য দিতে ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু, মামা আব্দুল হানিফ, কুড়িগ্রাম জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন, বিজিবি-৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক খালেদ ভারত যাচ্ছেন।
ফেলানী হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি দেয়। বিএসএফের হত্যাকাণ্ডের সমালোচনা করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
এনিয়ে ঢাকার পক্ষ থেকে বারবার তাগিদ দেয়ার পর বিএসএফ এই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেয়।
স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ইন্টারন্যাশনাল মেরিটাইম রেসকিউ ফেডারেশন ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে দিনব্যাপী ‘মেরিটাইম মাস রেসকিউ ওয়ার্কশপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফেলানী হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলেন।
যুক্তরাজ্য, চীন, নিউজিল্যান্ড ও বাংলাদেশের ৩৮ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশ নেন। এর মধ্যে কোস্ট গার্ড ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর কর্মকর্তারা ছিলেন।
ইন্টারন্যাশনাল মেরিটাইম রেসকিউ ফেডারেশনের চেয়ারম্যান মিখাইল ভ্লাস্তো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীমাতৃক বাংলাদেশে জলজ দুর্যোগ মোকাবেলায় সবার আগে প্রয়োজন দুর্ঘটনা মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাগুলোর পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়।
এটি নিশ্চিত করা সম্ভব হলে জলে সংঘটিত দুর্ঘটনায় মৃত্যু অনেক কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি।
মিখাইল ভ্লাস্তো বলেন, “বাংলাদেশে যারা প্রশিক্ষণ নেয়, অনেক সময়ই দেখা যায় তারা বদলিজনিত সমস্যার কারণে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন না। এতে সার্বিকভাবে প্রশিক্ষণ ও তাতে ব্যয় করা অর্থ বৃথা যায়।”
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ ফরিদ হাবিব, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল কে এস হোসেন উপস্থিত ছিলেন।
