টাঙ্গাইলে বাসচাপায় সেনা সদস্য নিহত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাসচাপায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত মাহবুবুর রহমান (৪৫) ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসে ৩৭ এস.টি ব্যাটালিয়নের সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলায়।
ঘাটাইল থানার ওসি মো. ফজলুল কবীর জানান, সোমবার দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার টি-জংশন এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিনিময় পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
এছাড়াও একই দিন উপজেলার মোগল পাড়ায় বিকেল সাড়ে তিনটার দিকে মাইক্রোবাসের চাপায় তাসিম (৭) নামের এক শিশু মারা গেছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয় জনতা মাইক্রোবাস ভাংচুর ও চালককে আটক করে পুলিশে দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
