২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু

চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে দায়িত্বরত অবস্থায় এক বিজিবি জওয়ানের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সোমবার বেলা ১২টায় একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে বিজিবি।

নিহত নায়েক আমির হোসেনের বাড়ি কুমিল্লায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে ধারণা করছে বিজিবি।

মুন্সীপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার মতিউর রহমান জানান, আমির হোসেনসহ চারজন বিজিবি সদস্য ভোররাতে মুন্সীপুর সীমান্তের নিমতলা মাঠে দায়িত্বরত ছিলেন। চোরাকারবারিদের ধরার উদ্দেশ্যে পাটক্ষেতে চারটি পৃথক স্থানে তারা অবস্থান নেন।

সকালে তিনজন ফিরে এলেও আমির হোসেন আসেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পাটক্ষেতে তার দেহ পাওয়া যায়।

হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন বিজিবি কর্মকর্তা।

ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।