কর্মী পাঠানোয় প্রতারণায় ১০ বছর কারাদণ্ড
বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে প্রতারণা, জালিয়াতি ও অনিয়মের ঘটনায় ১০ বছর সাজার বিধান রেখে আইন করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩’ চূড়ান্ত অনুমোদন পায়।
গত ১৫ এপ্রিল এই আইনে নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। তবে তখন সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড ছিল। চূড়ান্ত অনুমোদনের সময় সাজার মাত্রা বেড়েছে।
চূড়ান্ত অনুমোদনে ১০ বছর কারাদণ্ডের সঙ্গে ন্যূনতম ৫ লাখ জরিমানার বিধানও রয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানিয়েছেন।
মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবিত এই আইন সংসদে অনুমোদন পেলে তা কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইমিগ্রেশন অর্ডিনেন্স ১৯৮২’ যুগোপযোগী করতে এই আইন করা হচ্ছে।
এ আইনের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানকে নিরাপদ এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত হবে বলে আশা করছে সরকার।
রিক্রুটিং এজেন্সির জনশক্তি রপ্তানি ও অনিয়মের শাস্তির মাত্রা নতুন আইনে বাড়ছে। আগের আইনে শাস্তি ছিল এক বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মিথ্যা বেতনভাতা ও সুবিধার আশ্বাসে বিদেশ নিয়ে যাওয়ার প্রলোভন দেখালে অনধিক ৫ বছর ও এক লাখ টাকার জরিমানার বিধান রাখা হয়েছে।”
অন্যান্য অপরাধের জন্য, যা আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা নেই, সেক্ষেত্রে ৬ মাস কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানার বিধান রাখা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এ আইনে বিভিন্ন অভিযোগে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, স্থগিত ইত্যাদি শাস্তিও রয়েছে।
