ঝিনাইদহে জমির বিরোধে যুবক খুন
ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন।
শনিবার রাতে উপজেলার ঘুঘরি গ্রামে এ ঘটনায় নিহত হন রইচ উদ্দিনের ছেলে সাইদুর রহমান রানা (২৩)।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রানার দু’বছর বয়সে তার মা আরেকটি বিয়ে করেন। এরপর থেকেই তিনি নানার বাড়িতে বড় হন।
নানা দুলু সরদার তাকে কিছু জমিও দেন। কিন্তু এতে তার মামা আব্দুল জলিল ক্ষিপ্ত হয়ে নানা-নানীকে নির্যাতন করতেন।
রানা এর প্রতিবাদ করলে রাত ৮টার দিকে জলিল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলে মারা যান রানা।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ওসি।
