বগুড়ায় যুবলীগ নেতার ওপর হামলা
বগুড়ার ধুনট উপজেলায় যুবলীগের এক নেতার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যার এই ঘটনার পর স্থানীয় এক যুবদল নেতাকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলার চার আসামিকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
আহত রফিকুল ইসলাম রাঙ্গাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রফিককে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তার মাথায় আঘাত করে চলে যায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি মোটর সাইকেল ও দুটি সিএনজি অটো রিকশাযোগে গোসাইবাড়ী বাসস্ট্যান্ডে এসে একা পেয়ে অস্ত্রের মুখে রফিককে অপহরণের চেষ্টা করে।
“রফিক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে আসার চেষ্টা করলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এসময় আশপাশের লোকজন ছুটে এলে বেগতিক দেখে হামলাকারীরা পালিয়ে যায়।”
ঘটনাটি স্থানীয়রা ধুনট থানার ওসি শাহজাহান পাশাকে মোবাইল ফোনে জানালে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযানে নেমে দুটি মোটর সাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করে।
তারা হলেন- শেরপুর উপজেলার হাবিবুর রহমান (২৫), রানা (২৩), আরিফুল (২৪) ও পারভেজ (২৬)।
আহত রফিক বলেন, গোসাইবাড়ী এএ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রকে উত্ত্যক্ত করায় তিনি একই এলাকার ফারুককে তিরস্কার করেছিলেন।
ফারুক তার আত্মীয় ধুনট পৌর যুবদলের সভাপতি পলাশের সহযোগিতায় এই হামলা চালায় বলে যুবলীগ নেতার অভিযোগ।
ধুনট থানার ওসি শাহজাহান পাশা বলেন, রফিকের ওপর হামলার ঘটনায় পলাশকে প্রধান আসামি করে ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ সব অপরাধীকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
