আশুলিয়ায় কারখানা ভাংচুর, আহত ৩০
বেতন-বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ সময় বহিরাগতদের হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে অভিযোগ শ্রমিকদের।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ সহকারী পরিচালক আব্দুস সাত্তার জানান, বুধবার সকালে আশুলিয়ার সাদুপাড়া এলাকায় ‘ল্যান্ডমার্ক গ্রুপ’ কারখানায় এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। পরে তারা কারখানার ভেতরে ও বাইরে জানালা দরজার কাচ ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নিয়েছে বলে আব্দুস সাত্তার জানান।
শ্রমিকদের অভিযোগ, কারখানার ৮ হাজার কর্মীর মধ্যে অল্প কিছু শ্রমিককে বেতন দিয়েছে কর্তৃপক্ষ। সকালে কারখানায় এসে বেতন-ঈদ বোনাসের দাবি করলে কারখানা মালিক ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাদের ওপর হামলা চালায়।
সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলেও তারা দাবি করেন।
তবে শিল্প পুলিশ বলছে, বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের ওপর হামলার বিষয়টি তারা জানে না।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।
কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে শিল্প পুলিশের উপ সহকারী পরিচালক জানান।
