সিলেটে থ্রিজি নেটওয়ার্ক আরো বিস্তৃত
সিলেটে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের থ্রিজি নেটওয়ার্কের বিস্তৃতি আরো বাড়ানো হয়েছে। ইতোমধ্যে নগরীর ২৯টি এলাকা থ্রিজির আওতায় এসেছে।
অগাস্টের শুরুতেই নগরীর ১৪টি এলাকা এ নেটওয়ার্কের আওতায় এসেছিল। বুধবার থেকে নগরীর আরো ১৫টি এলাকার বাসিন্দারা থ্রিজির সুবিধা পাবেন।
মঙ্গলবার টেলিটকের সহকারী ব্যবস্থাপক (ট্রান্সমিশন) মুনতাসীরুর রহমান রুম্মান জানান, নগরীর সুবিদবাজার, পশ্চিম পীরমহল্লা, কাজিটুলা, আখালিয়া নয়াপাড়া, শেখঘাট, শিবগঞ্জ, তেররতন, উপশহর, টিলাগড় রাজপাড়া, শাহজালাল উপশহর এইচ ব্লক, ঘাসিটুলা, যতরপুর, বনকলাপাড়া, বাগাবাড়ি ও মিরাপাড়া এলাকা বুধবার নেটওয়ার্কের আওতায় চলে আসবে।
“কাজ প্রায় শেষ, আশা করছি যথাসময়ে সংযোগ স্থাপন করতে পারবো।”
এর আগে নগরীর দরগা মহল্লা, মেন্দিভাগ, মিরাবাজার, উত্তর বালুচর, আম্বরখানা, সাগরদিঘীর পাড়, দাঁড়িয়াপাড়া, তালতলা, আখালিয়া, ভাতালিয়া, বন্দরবাজার, কাজলশাহ, চৗহাট্টা, কুমারপাড়ায় থ্রিজি নেটওয়ার্ক চালু হয়।
সিলেটে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন সুবিধা মার্চ মাসে চালুর কথা থাকলেও এর প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণের কাজ শেষ না হওয়ায় অগাস্ট মাসের প্রথম সপ্তাহে চালু হয়।
