খুলনার ব্যবসায়ী রাজধানীতে শেকলবন্দি
খুলনা থেকে ঢাকা আসার পথে অপহৃত এক ব্যবসায়ীকে রাজধানীর বনশ্রীর একটি বাসায় শেকলে বাঁধা অবস্থায় খুঁজে পেয়েছে র্যাব।
ওই বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন অপহরণকারীকে। তল্লাশি চালিয়ে পাওয়া গেছে বিভিন্ন জনের পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী।
র্যাব-৩ এর অপারেশন অফিসার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনার ব্যবসায়ী আকবর হোসেন (৪৫) গত ২৯ জুলাই ঢাকা আসার পথে অপহৃত হন। পরে অপহরণকারীরা আকবরের স্বজনদের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বিষয়টি র্যাবকে জানালে সোমবার মধ্যরাতে রামপুরা বনশ্রী এলাকার একটি ভবনের অষ্টম তলার একটি ফ্ল্যাট থেকে আকবরকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
এই তিনজন হলেন- মমিনুল ইসলাম সাগর (২৬), আনোয়ার হোসেন (৩৬)ও মোজাম্মেল হোসেন (৩৫)।
“তারা আকবরকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। আরো দশটি লোহার শিকল পাওয়া গেছে ওই ফ্ল্যাটে।”
এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্নজনের ১৪টি পাসপোর্ট, একটি ল্যাপটপ, ৯৭টি ইয়াবা, দশটি মোবাইল ফোন সেট, ৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা পাওয়া গেছে বলে আনিসুর রহমান জানান।
তিনি বলেন, ওই ফ্ল্যাটটি কে ভাড়া নিয়েছিল এবং আর কে কে এই চক্রে জড়িত তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
