পবার পরীক্ষা নিয়ে প্রশ্ন ড্যানিশের
সেমাইয়ে ফরমালিন নিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে ড্যানিশ ফুডস লিমিটেড।
পবা’র সাম্প্রতিক এক পরীক্ষায় দেশের বাজারের সব সেমাইয়ে ফরমালিনের উপস্থিতি ধরা পড়ে এবং এর মধ্যে ড্যানিশের লাচ্ছা সেমাইও রয়েছে।
পবা’র প্রতিবেদনের ভিত্তিতে গত ৩ অগাস্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশ হয়, যা নজরে আসার পর সোমবার প্রতিবাদ পাঠিয়েছে ড্যানিশ ফুডস।
এতে বলা হয়েছে, “পবা’র এই পরীক্ষা যথাযথ ও মানসম্মত কি না এবং কোন পরীক্ষাগারে তা করেছে, আমাদের জানা নেই।”
নিজেদের লাচ্ছা সেমাইয়ে ফরমালিন মেশানোর কোনো সুযোগ নেই দাবি করে বাজার থেকে নমুনা সংগ্রহ করে দেশের স্বীকৃত যে কোনো পরীক্ষাগারে পরীক্ষার প্রস্তাব দিয়েছে ড্যানিশ।
পবার পরীক্ষায় দেখা গেছে, ড্যানিশ লাচ্ছা সেমাইয়ে ফরমালিনের পরিমাণ ২৯ দশমিক ৮৩ পিপিএম, যাদের তাদের পরীক্ষা করা নমুনার মধ্যে সবেচেয়ে বেশি মাত্রার।
ড্যানিশের প্রতিষ্ঠানের বিপণন বিভাগের উপ মহাব্যবস্থাপক কাজী মো. আবুল হাসান স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে এই বিষয়টি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
তারা বলেছে, “অন্যান্য সেমাইয়ে আরো বেশি মাত্রার ফরমালিন পাওয়া গেলেও উদ্দেশ্যপূর্ণভাবে বেশি মাত্রার ফরমালিন ড্যানিশ লাচ্ছা সেমাইয়ে পাওয়া গেছে মর্মে প্রকাশিত হয়েছে।”
পবা’র প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত খবরে বলা হয়, সবচেয়ে বেশি মাত্রার ফরমালিন পাওয়া গেছে ড্যানিশ লাচ্ছা সেমাইয়ে, এর পরিমাণ ২৯ দশমিক ৮৩ পিপিএম।
এছাড়া বনফুল লাচ্ছা সেমাইয়ে ২৯ দশমিক ২৪, স্কয়ারের রাঁধুনী ভার্মিসিলি স্টিক সেমাইয়ে ২৯ দশমিক ১০, প্রাণ লাচ্ছা সেমাইয়ে ২৭.৬, কুলসন লাচ্ছা সেমাইয়ে ২৫ দশমিক ৭৭, কুলসন স্পেশাল লাচ্ছা সেমাইয়ে ২৫ দশমিক ১৫, ড্যানিশ স্পেশাল লাচ্ছা সেমাইয়ে ২৬ দশমিক ০৩ পিপিএম ফরমালিনের উপস্থিতি পেয়েছে পবা।
গত ১৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত রাজধানীর নিউ মার্কেট, কলাবাগান, চকবাজার এবং বেগম বাজার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেটজাত ও খোলা সেমাইয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায় পবা।
পবার পরীক্ষার সঙ্গে একমত পোষণ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারের প্রচলিত সব ধরনের সেমাইয়ে ফরমালিন পাওয়ার অভিযোগ তারা নিয়মিত পাচ্ছেন।
তিনি জানান, গত ৩১ জুলাই তারা প্রিন্স লাচ্ছা সেমাইয়ে ফরমালিন পেয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন। নাসিম এগ্রো ফুডের সেমাই কারখানায়ও ‘টেক্সটাইল ডাইং’ ব্যবহারের প্রমাণ পেয়ে তাদের জরিমানা করা হয়।
