নেত্রকোনায় হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
সোমবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম বারহাট্টা উপজেলার কদম দেওলী গ্রামের বাসিন্দা।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লতিফুর রহমান জানান, পরকীয়া প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০১ সালের ২০ অক্টোবর রহিম পাটলী গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী শান্তু বেগমকে তার বাড়িতে গিয়ে মারধর করে।
পরে ওইদিন বিকালে শান্তু নিখোঁজ হন। এর তিনদিন পর গ্রামের একটি ধান ক্ষেতে শান্তুর লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্বামী রহিমের বিরুদ্ধে মামলা করেন।
