২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা ক্ষমতায় এলে দেশ জঙ্গিতে ভরবে’

খালেদা জিয়া আবার ক্ষমতায় এলে দেশ জঙ্গিবাদে ভরে যাবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এসে ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছে। আর তিনি (খালেদা) ক্ষমতায় এলে বই দেয়া বন্ধ করে দিয়ে সবাইকে মুর্খ বানাবেন। আমরা জঙ্গিবাদ নির্মূল করেছি, তিনি আবার জঙ্গিদের লালন করে জঙ্গিবাদে দেশ ভরে দিবেন।”

এ সময় মতিয়া প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে খালেদাপুত্র তারেক জিয়ার তুলনারও সমালোচনা করেন।

তিনি বলেন, “কোথায় জয় আর কোথায় তারেক। জয় বিশ্ব বিখ্যাত হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে। তার সঙ্গে ‘টাইন্যা টুইন্যা মেট্রিক’ অর্থাৎ টিটিএম তারেক জিয়ার তুলনা চলে না।“

“জয়ের আইডিয়া হল ডিজিটাল বাংলাদেশ, আর তারেকের আইডিয়া হল লুটপাটের বাংলাদেশ,” বলেন তিনি।

রোববার দুপুরে মতিয়া তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী কলেজ অ্যান্ড স্কুল মাঠে দুঃস্থদের মধ্যে বিশেষ ভিজিএফ ও ত্রাণ সামগ্রি বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।

তিনি শেখ হাসিনার নৌকার কাতারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, নৌকা দেশ স্বাধীন করেছে। নৌকা বিনা পয়সায় বই দিয়েছে। নৌকা দেশের মানুষের কল্যাণ করেছে। নৌকাই আগামীদিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবু, কলসপাড় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আলম প্রমুখ।