২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিন-দুপুরে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাই

বগুড়ায় দুই দোকান কর্মচারীকে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 02:39 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

রোববার দুপুর ১২টার দিকে শহরের মফিজ পাগলা মোড়ের সামনে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আহতরা হলেন- ‘রহমানিয়া সিটি’র হিসাবরক্ষক আতাউর রহমান ও বিক্রয়কর্মী পলাশ সাহা।

গুরুতর আহত আতাউর রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহরের জলেশ্বরীতলা এলাকার ‘রহমানিয়া সিটি’র স্বত্বাধিকারী আব্দুল খালেক জানান, শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দু’দিনে প্রতিষ্ঠানে জমা হওয়া ১৭ লাখ টাকা তার দুই কর্মচারী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জমা দিতে যাচ্ছিল।

আহত কর্মচারী পলাশ সাহা বলেন, আতাউর রহমান ও তিনি টাকা ভর্তি ব্যাগ নিয়ে রিকশায় করে ব্যাংকে যাচ্ছিলেন। ব্যাংকের কাছাকাছি পৌঁছার পর পরই ৬/৭ জনের একদল দুর্বৃত্ত তাদের রিকশার গতি রোধ করে। এরপর তারা এলোপাথারি ছুরিকাঘাত করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তাার এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।