ফকিরহাটে ইউপি চেয়ারম্যান হলেন জাহিদের স্ত্রী
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শিরিনা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ওই ইউনিয়নের নিহত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খান জাহিদ হাসানের স্ত্রী শিরিনা আক্তার আনারস প্রতীক নিয়ে সাত হাজার তিন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হারুন অর রশিদ (তালা প্রতীক) চার হাজার ৪১৪ ভোট পেয়েছেন।
শনিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
১৮ মে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহিদ হাসান সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে আসনটি শুন্য হয়েছিলো।
ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুস সাত্তার শনিবার সন্ধ্যায় বলেন, অন্য প্রার্থীদের মধ্যে মো. মোফাজ্জেল হায়দার (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন এক হাজার ৮৪৬ ভোট এবং মুশফিকুজ্জামান রিপন পেয়েছেন ৩৯১ ভোট।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি ছিলো বেশি। দুপুরের পর পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা বলেছেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শেষ হয়েছে।
“নির্বাচনের পরে যাতে কোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে পুলিশের বিশেষ দৃষ্টি রয়েছে।”
