২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুলিশকে লক্ষ্য করে শিবিরের বোমা

বগুড়ায় ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 12:20 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শনিবার সকালে কাহালু উপজেলার দুর্গাপুর এলাকায় ছোড়া এই বোমায় দুজন অটোরিকশাচালক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জবাবে পুলিশ গুলি ছুড়লে ছাত্রশিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে স্থানীয়রা জানায়।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে গত বৃহস্পতিবার হাই কোর্ট রায় দেয়ার পর তা প্রত্যাখ্যান করে শনিবার বিক্ষোভের ডাক দেয় দলটি।

ওই কর্মসূচির অংশ হিসেবে সারোদেশে দলটির পাশাপাশি এর ছাত্র সংগঠন শিবিরও বিক্ষোভ করছে।

কাহালুর অটো রিকশা স্ট্যান্ডের চেইন মাস্টার মোহাম্মদ বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিবিরকর্মীরা মিছিল বের করে। মিছিলটি স্টেশন রোডে অটো রিকশা স্ট্যান্ডে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে ৮/১০টি হাতবোমা ছোড়ে।

ওই বোমার বিস্ফোরণে অটোরিকশাচালক আব্দুল কুদ্দুস(২৫) ও ফজলুল বারী (২৩) আহত হন। কুদ্দুসের গাড়ির সামনের কাচ ভেঙে যায়। ফজলুলের গাড়ির ছাদ উড়ে যায়। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাদল বলেন, হাতবোমার বিস্ফোরণের পরপরই পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। শিবিরকর্মীরা তখন পালিয়ে যাওয়ার সময় তিনটি অটো রিকশা ভাংচুর করে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দূর থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে ১২ রাউন্ড গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।”

পুলিশের ওপর বোমা ছোড়ার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার(এ সার্কেল) নাজির আহম্মেদ খানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গেছে বলে জানান তিনি।