তাহেরপুরে হরতাল, ৫০০ জনের বিরুদ্ধে মামলা
পুলিশের গুলিতে ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকায় হরতাল চলছে।
স্থানীয় ব্যবসায়ীদের ডাকা তিন দিনব্যাপী হরতালের প্রথম দিন শুক্রবার সকালে পৌরসভা এলাকার কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা দোকানপাট খোলা হয়নি।
যদিও এদিন ছিল হাটবার। সাধারণত লক্ষাধিক লোকের সমাগম ঘটে এ হাটবারে। এখানে কোনদিন হাটবারে হরতাল হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সব ধরনের যানচলাচল বন্ধ থাকায় তাহেরপুরের সঙ্গে জেলা শহরসহ সারাদেশের যোগাযোগ বিছিন্ন রয়েছে ।
হরতালের সমর্থনে সকাল ৬টার দিকে পৌর এলাকার দুর্গাপুর রোডের চৈতালী মোড় ও হরিতলা চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ব্যবসায়ীরা।
তবে পৌরসভা এলাকা বাহিরে গোপালপাড়া, কয়ামাজমপুর ও রামরামায় কৃষক ও ব্যবসায়ীরা তাদের কাচাঁমাল বেচাকেনা করেছে।
বৃহস্পতিবার পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে একটি মিছিল নিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির দিকে যেতে থাকে ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা ফাঁড়ির দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ গুলি চালালে রুবেল হোসেন নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হন।
তাহেরপুর বণিক সমিতির সভাপতি আলাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিলে গুলি চালিয়ে ব্যবসায়ী হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত হরতাল হবে।
বাগমারা থানার ওসি আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাহেরপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে থানার এসআই মোবারক হোসেন বাদি হয়ে মামলাটি করেন বলে জানান তিনি।
