২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ’লীগ আবার আসবে ‘বিশ্বাস’ মুহিতেরও

আগামীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বলে বিশ্বাস করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ  টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 09:59 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

গত ২৩ জুলাই যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছেলে সবীজ ওয়াজেদ জয় বলেন, তার কাছে তথ্য আছে যে, আগামী নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।

এ নিয়ে বিরোধী দল সমালোচনায় মুখর হলে প্রধানমন্ত্রীও জয়ের পাশে দাঁড়ান।

বৃহস্পতিবার সিলেটে অর্থমন্ত্রী বলেন, “জয়ের মতো কোন তথ্য আমার কাছে নেই, তবে বিশ্বাস আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে।”

এ বিষয়ে একটি সার্ভে হয়েছে বলে শুনেছেন অর্থমন্ত্রী।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পুনঃনির্মাণ ও সম্প্রসারণের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।

সজীব ওয়াজেদ জয়ের কথা নিয়ে সম্প্রতি প্রধান বিরোধীদলের সমালোচনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জয় খোলামেলাভাবেই রাজনীতিতে এসেছে। তার ক্লিন ইমেজ রয়েছে।

এ সময় মন্ত্রী বলেন, সরকারি নানা উদ্যোগের কারণে এবার রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্প্রসারণ ও ঢাকার শহীদ মিনারের আদলে এটি তৈরি করা হচ্ছে জানিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামী ১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে।

সিলেটের ২২৪ বছরে প্রাচীন কেন্দ্রীয় কারাগারকে বাদাঘাট এলাকায় স্থানান্তর করে সেখানে একটি কেন্দ্রীয় পার্ক করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা নুর আজিজুর রহমান উপস্থিত ছিলেন।