জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার
পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া প্রায় তিন বিঘা জমি দখলে নিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে আহসান মঞ্জিলের পূর্ব পাশে ওয়াইজ ঘাট এলাকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যানার ঝুলিয়ে দেয় কয়েকশ শিক্ষার্থী। এসময় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতারাও উপস্থিত ছিলেন।
ওই জায়গাটি দীর্ঘদিন ধরে বুলবুল ললিতকলা একাডেমী নামে একটি সাংস্কৃতিক সংগঠন দখল করে রেখেছিল।
জায়গা দখল করে আনন্দ উল্লাস করে বিশ্ববিদ্যালয়ে নতুন চালু হওয়া নাট্যকলা ও সঙ্গীত বিভাগের একটি ব্যানারও লাগায় শিক্ষার্থীরা।
জবি ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের সংকট কমাতে আমরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছি, যাতে নতুন তিনটি বিভাগের শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়।”
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, “আমরা নতুন দুটি বিভাগ খুলেছি, যার জন্য জায়গার সংকট রয়েছে। জায়গা উদ্ধারের বিষয়টি প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
তবে আইনগতভাবে জায়গাটি বিশ্ববিদ্যালয়ের দখলে নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
গত বছর বংশালের হাবিবুর রহমান হল ও বাংলাবাজারের খাস জমি উদ্ধার করেছিল শিক্ষার্থীরা।
