২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বৃহস্পতিবার উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় নিহত মিরাজ হোসেন (২৫) ভোলার দৌলতখান পৌর এলাকার উত্তর জয়নগরের বাসিন্দা। তিনি পটুয়াখালী গ্রামীণ শক্তি অফিসের কর্মচারী ছিলেন।

এ ঘটনায় পুলিশ বাসচালক মজনু মিয়াকে আটক করেছে।

বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, পটুয়াখালী থেকে বিআরটিসি বাসের ছাদে চড়ে বরিশালে যাচ্ছিল মিরাজ। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে বেইলি ব্রিজ পার হওয়ার সময় গাছের আঘাতে বাস থেকে সড়কে ছিটকে পড়ে সে।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়।

লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।