২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের অবস্থানের মধ্যেই কার্যালয়ে গেলেন জাবি উপাচার্য

শিক্ষকদের একাংশের অবস্থানের মধ্যে নিজ কার্যালয়ে গিয়ে কাজ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 07:31 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বুধবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষকরা।

এর মধ্যেই সহকর্মীদের নিয়ে কাজ করে গেছেন অধ্যাপক আনোয়ার হোসেন।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বিঘ্নে আমরা প্রশাসনিক ভবনে প্রবেশ করেছি, দুই জন উপ-উপাচার্যসহ সকলেই তাদের নিয়মিত কাজে যোগ দিয়েছেন।”

হাই কোর্টের নির্দেশে শিক্ষক সমিতি অবরোধ তুলে নিলেও উপাচার্যের পদত্যাগ দাবিতে নতুন করে ‘সাধারণ শিক্ষক ফোরাম ব্যানারে’ আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

বুধবারের পর বৃহস্পতিবারও তারা একই কর্মসূচি পালন করবেন। এরপর ৩ অগাস্ট কালো ব্যাজ পরার পাশাপাশি করা হবে গণসংযোগ।

 ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী প্রতিবাদ সমাবেশে বলেন, “উপাচার্যের পদত্যাগই একমাত্র সমাধান। প্রয়োজনে ঈদের পর শক্ত কর্মসূচি দেয়া হবে।”

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ধর্মঘট পালন করেন এই শিক্ষকরা। তাদের বাধায় এদিন পণ্ড হয়ে যায় সিন্ডিকেটের জরুরি সভা। প্রশাসনিক ভবনে ঢুকতে ব্যর্থ হন কর্মকর্তা-কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দোলনকারীরা ‘অশিক্ষকসুলভ’ আচরণ করছেন।  

মঙ্গলবার বিকালে আন্দোলনকারী শিক্ষকদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এ ধরনের আচরণ অপ্রত্যাশিত ও দুঃখজনক, শিক্ষকদের শিক্ষকসুলভ ব্যবহার কাম্য।

হাই কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৪৩ দিন পর গত সোমবার উপাচার্যবিরোধী শিক্ষক সমিতি প্রশাসনিক ভবন থেকে অবরোধ তুলে নেয়।

আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত বুধবার নির্দেশ দেয় হাই কোর্ট।

উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের একাংশের আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত বেশ কিছুদিন ধরেই অস্থির।

গত বছর ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে অনির্বাচিত উপাচার্য শরীফ এনামুল কবীরের বিদায়ের পর ওই পদে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন। ২০১২ সালের ২৫ জুলাই উপাচার্য প্যানেল থেকে নির্বাচিত ভিসি হিসাবে নিয়োগ পান তিনি।