২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতদিন পর অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার

নীলফামারীর অপহৃত ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম তুহিনকে সাত দিন পর উদ্ধার করেছে সিরাজগঞ্জ পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

গত ২৪ জুলাই একসঙ্গীসহ বগুড়ার শাহজাহানপুর থেকে অপহরণ করা হয় তুহিনকে। পরে পরিবারের কাছে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বুধবার সকালে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মৌহা এলাকা থেকে তুহিন ও তার সঙ্গী জলঢাকা উপজেলার সাবেক ইউপি সদস্য পতিরাম রায়কে উদ্ধার করা হয় বলে জানান সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল-এএসপি) শেখ জিল্লুর রহমান।

তিনি জানান, এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- তাড়াশ থানার বিগমপুর গ্রামের দেরাজ উদ্দীনের ছেলে খালেক মণ্ডল (৫৭), একই থানার সরাপপুর এলাকার উমেদ আলীর ছেলে আব্দুর রহমান (৫০) ও উল্লাপাড়া থানার সিমলা মুরদহ এলাকার ইসমাইল হোসেনের ছেলে ফরিদ আলী (৩৫)।

রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, সকাল ১০টায় লোকজন মৌহা গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির একটি ঘর থেকে দুইজনকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় পাহারাদার তিন অপহরণকারীকেও আটক করা হয়।

লোকজন সবাইকে মৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে বলে জানান ওসি আনিছুর।

তিনি জানান, ইউপি চেয়ারম্যান তুহিন ও পতিরামকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার লিচুতলা এলাকা থেকে অপহরণ করা হয়। ইউপি চেয়ারম্যানের ভাই এ ব্যাপারে শাহজাহানপুর থানায় একটি মামলা করেন।

সকলকে বগুড়া গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।