সিরাজগঞ্জে বাঁধে ধস, আতঙ্ক
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ‘হার্ড-পয়েন্টে’ মঙ্গলবার রাতে ধস দেখা দেয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
আড়াই কিলোমিটার দৈর্ঘে্যর এ বাঁধের ডি-সেকশনে যমুনার তলদেশে প্রায় ৫ বর্গমিটার অংশে ব্লক সরে গেলে আকস্মিক এ ধসের সৃষ্টি হয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড-পাউবো।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের পর পরই আতঙ্কে বাঁধ সংলগ্ন লোকজন ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে পাউবোর প্রকৌশলী ও বিশ্ব ব্যাংকের পরামর্শক দলের সদস্যরা গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করে বিষয়টি পর্যবেক্ষণ করেন।
পরে বুধবার সকাল থেকে পাউবোর লোকজন লাল-নিশান টাঙ্গিয়ে ডি-সেকশনের প্রায় ২০০-৩০০ মিটার এলাকা জুড়ে ব্লক ও বালিভর্তি জিওব্যাগ ফেলতে শুরু করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সিরাজগঞ্জ পাউবোর বিশেষায়িত শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বলেন, ডি-সেকশন থেকে দেড়শ মিটার দূরে নদীর তলদেশে প্রায় ৫ বর্গমিটার অংশ প্রবল ঘূর্ণাবর্তের কারণে ধসে যায়।
পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সর্দার বলেন, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। তাৎক্ষণিক সতর্কতা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
