নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ১
নারায়ণগঞ্জ সদর উপজেলায় বয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীর ফকির অ্যাপারেলসে এ ঘটনায় নিহত মো. আবু হানিফ (৩৫) ফতুল্লার শাসনগাঁও এলাকার বাসিন্দা।
হানিফ ওই কারখানার বয়লার মেকানিক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, সকালে ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত ফকির অ্যাপারেলসের মেকানিক হানিফ বয়লারে কাজ করার সময় আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত হলে হাপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফকির অ্যাপারেলসের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ) জাকির মাহমুদ জানান, আবু হানিফ কারখানার নতুন ইউনিট ডাইং সেকশনের পানির পাম্পে ওয়েল্ডিংয়ের কাজ করছিল। এ সময় গ্যাসের পাইপ বিস্ফোরণে মারাত্মক আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
