পুলিশ দেখে পানির ট্যাংকে লুকালেন ‘যৌন নিপীড়ক’ শিক্ষক
ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালখান এলাকার বেসরকারি অরবিট স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষক পুলিশ দেখে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ছাদের পানির ট্যাংকের ভেতরে লুকিয়েছিলেন।
সেখান থেকেই মো. ওসমান গণি (৩০) নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী।
ওসমানের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়। গত জানুয়ারি মাসে তিনি এই বিদ্যালয়ে যোগ দেন।
ওসমানকে বরখাস্ত করা হয়েছে বলে বিদ্যালয়ের অধ্যক্ষ এম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ওসি আতিক আহমেদ বলেন, অভিভাবকের কাছ থেকে খবর পেয়ে তারা ওই শিক্ষককে গ্রেপ্তারের জন্য বিদ্যালয়ে যান।
“প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেলেও ওই শিক্ষককে খুঁজে পাচ্ছিলাম না। পরে বিদ্যালয়ের ছাদে থাকা পানির ট্যাংকের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
অধ্যক্ষ নুরুল হুদা বলেন, অভিযোগ শুনে ওসমান গণিকে অফিস কক্ষে বসিয়ে রাখা হয়েছিল।
“কিন্তু কিছুক্ষণ পর তাকে খুঁজে পাচ্ছিলাম না। পরে পুলিশ পানির ট্যাংক থেকে তাকে বের করে।”
অভিযোগকারী অভিভাবকরা জানান, ওসমান গণি ছাত্রদের ছাদে নিয়ে নির্যাতন চালাত। বিষয়টি জানার পর বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এরপর মঙ্গলবার তারা পুলিশের কাছে অভিযোগ করেন।
অধ্যক্ষ নুরুল হুদা বলেন, পুরো বিদ্যালয়ে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, তবে ছাদে নেই।
তিনি বলেন, “এ ঘটনায় আমরা খুব অনুতপ্ত। বিষয়টি জানার পরই জরুরি বৈঠক করে ওসমান গণিকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।”
ওসমান গণির বিরুদ্ধে থানায় মামলা করার কথাও অভিভাবকরা জানিয়েছেন।
