২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়াস সমর্থকের পাল্টা মামলা

গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলার পর তার এক সমর্থক একটি মামলা করেছেন, যাতে আসামি করা হয়েছে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের ভাইকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি আদালতে মামলাটি করেন রাঙ্গুনিয়া পৌর বিএনপির যুগ্মসম্পাদক হাবিবুর রহমান।

এতে পরিবেশমন্ত্রীর ছোট ভাই খালেদ মাহমুদ ও এপিএস রাশেদসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে।

এর আগে সকালে বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদেরের বিরুদ্ধে মানহানির মামলা করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ বড়ুয়া।

গত ২৭ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদকে ‘দুর্নীতিবাজ’ বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের।     

রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াসের ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে হারিয়ে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন হাছান মাহমুদ।

ওই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২৬ জুলাই রাঙ্গুনিয়ার সালাউদ্দিন কাদেরের বাড়ির সামনে বিএনপির ইফতার মাহফিল পণ্ড করা হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে পরিবেশমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন গিয়াস সমর্থক বিএনপি নেতা হাবিব।

হাকিম আবু সালেহ মো. নোমান অভিযোগ আমলে নিয়ে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে চট্টগ্রামের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বলে বাদির আইনজীবী মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন।

মামলার বাদি হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ইফতার মাহফিল পণ্ড করতে আগের দিন ২৫ জুলাই রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা ও অগ্নিসংযোগ করে।

ওই হামলায় মন্ত্রীর ভাই খালেদ ও এপিএস রাশেদের সংশ্লিষ্টতা ছিল বলে বাদির অভিযোগ।

এদিকে আওয়ামী লীগ নেতা সুভাষের করা মামলায় গিয়াস কাদেরের সঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুস তালুকদারকেও আসামি করা হয়েছে।

সুভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রীকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেয়ায় আওয়ামী লীগ কর্মী হিসেবে এবং রাঙ্গুনিয়াবাসীর পক্ষে দণ্ডবিধির ৫০০ ও ১০৯ ধারায় মামলাটি করেছি।”

পুরনো খবর:

গিয়াস কাদেরের বিরুদ্ধে মানহানির মামলা
হাছান মাহমুদের বিরুদ্ধে অভিযোগ গিয়াস কাদেরের