২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়াস কাদেরের বিরুদ্ধে মানহানির মামলা

বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদকে ‘দুর্নীতিবাজ’ বলায় চট্টগ্রাম জেলা (উত্তর) বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 11:17 AM

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ বড়ুয়া মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে মামলাটি দয়ের করেন।

এতে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুস তালুকদারকেও আসামি করা হয়েছে।

মামলার বাদি আইনজীবী সুভাষ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রীকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেয়ায় আওয়ামী লীগ কর্মী হিসেবে এবং রাঙ্গুনিয়াবাসীর পক্ষে দণ্ডবিধির ৫০০ ও ১০৯ ধারায় মামলাটি করেছি।”

গত ২৭ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী বলেন, “পরিবেশ ফান্ডে (জলবায়ু) বাংলাদেশ প্রচুর টাকা পাচ্ছে। নয়টা এনজিওর মাধ্যমে এসব টাকা বিতরণ করা হচ্ছে। যার প্রত্যেকটির চেয়ারম্যান হাছান মাহমুদ নিজেই।”

গিয়াস উদ্দিন অভিযোগ করেন, “চট্টগ্রাম শিপইয়ার্ডের প্রতিটি জাহাজ কাটার সময় হাছান মাহমুদ জাহাজ মালিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। জাহাজ মালিকরা তাকে টাকা দিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া জাহাজ কাটে।”

গত ২৬ জুলাই রাঙ্গুনিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবন সংলগ্ন এলাকায় ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় বিএনপি।

এর একশ গজের মধ্যে কর্ণফুলী নদীর জেটিতে ‘যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার ও ফাঁসির দাবিতে’ সমাবেশ ডাকে স্থানীয় যুবলীগ।

অনুষ্ঠানের আগের দিন ২৫ জুলাই রাতে বিএনপির প্যাণ্ডেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর ২৬ জুলাই সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাঙ্গুনিয়ার গোডাউন গেইট থেকে ইছাখালী পর্যন্ত এক কিলোমিটার এলাকায় ১৬৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

এরপর গত ২৭ জুলাই ওই সংবাদ সম্মেলন করেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইউনুস তালুকদার অভিযোগ করেন, বন মন্ত্রীর এপিএস রাশেদের নেতৃত্বেই বিএনপির সভাস্থলে হামলা করা হয়।

বাদির আইনজীবী চট্টগ্রাম আদালতের এপিপি নিখিল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, “মন্ত্রী হাছান মাহমুদকে রাঙ্গুনিয়ার ‘সবচেয়ে বেশি দুর্নীতিবাজ’ আখ্যায়িত করায় গিয়াস কাদের চৌধুরী ও ইউনুস তালুকদারের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।”