হাছান মাহমুদের বিরুদ্ধে অভিযোগ গিয়াস কাদেরের
পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে জলবায়ু তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস, যার ভাইকে হারিয়ে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন হাছান মাহমুদ।
গিয়াস কাদেরের ভাই সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধে অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গিয়াস কাদের বলেন, “পরিবেশ ফান্ডে (জলবায়ু) বাংলাদেশ প্রচুর টাকা পাচ্ছে। নয়টা এনজিও’র মাধ্যমে এসব টাকা বিতরণ করা হচ্ছে, যার প্রত্যেকটির চেয়ারম্যান হাছান মাহমুদ নিজেই।”
“চট্টগ্রামে শিপইয়ার্ডের প্রতিটি জাহাজ কাটার সময় হাছান মাহমুদ জাহাজ মালিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। জাহাজ মালিকরা তাকে টাকা দিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটে,” বলেন জাহাজ মালিক গিয়াস কাদের।
তিনি আরো অভিযোগ করেন, হাছান মাহমুদ তার ছোট ভাইয়ের মাধ্যমে রাউজান-রাঙ্গুনিয়ার প্রত্যেকটি ইট ভাটা থেকে মাসে পাঁচ লাখ টাকা করে নেন।
রাঙ্গুনিয়ার কাদের নগরে সালাউদ্দিন কাদেরের বাড়িতে গত ২৫ জুলাই উপজেলা বিএনপির ইফতার মাহফিলের আগের দিন আওয়ামী লীগকর্মীরা হামলা চালিয়ে প্যান্ডেল ও আসবাবপত্রে আগুন দেয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
রাঙ্গুনিয়া বিএনপির সভাপতি ইউনুস তালুকদার বলেন, হামলাকারীরা ২০ লাখ টাকার মালামাল লুটও করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী ও পুলিশের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায় বলে দাবি করেন তিনি।
পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের এপিএস ওই হামলায় নেতৃত্ব দেন বলেও অভিযোগ করেন বিএনপি নেতা ইউনুস।
তিনি বলেন, হামলার ঘটনায় মামলা করতে গেলেও থানা তা নেয়নি।
গিয়াস কাদের রাউজানের সংসদ সদস্য ও তার চাচাত ভাই এবিএম ফজলে করিমের বিরুদ্ধেও সন্ত্রাসের অভিযোগ করেন।
তাকে রাউজানের ‘করিম হাজারী’ (ফেনীর জয়নাল হাজারীর সঙ্গে তুলনা করে) আখ্যায়িত করে তিনি বলেন, “কিভাবে তাণ্ডবের মাধ্যমে ভোট সংগ্রহ করতে হয়, তা শেখানোর জন্য ফজলে করিম চৌধুরী হাছান মাহমুদের উপদেষ্টা হয়েছেন।”
সংবাদ সম্মেলনে রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাত, রাঙ্গুনিয়া পৌর বিএনপির সভাপতি নূরুল আমিন, রাউজান উপজেলা বিএনপির সভাপতি হাসান চৌধুরী প্রমুখ।
