২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএলএম আইনে দেরি, সংসদীয় কমিটির ক্ষোভ

বহুস্তর বিপণন নিয়ন্ত্রণে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) আইন প্রণয়নের দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

কমিটি সংসদের আগামী অধিবেশনে বিলটি পাস করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির ৪৮তম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

গত বছরের ১৭ সেপ্টেম্বর এমএলএম আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ডাইরেক্ট সেল আইন নামে বিলটি মন্ত্রিসভায় উঠলেও পরে এর নাম পরিবর্তন করে ‘মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন’ করা হয়।

সংসদীয় কমিটির বৈঠক শেষে সদস্য তহুরা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদীয় কমিটি দীর্ঘদিন ধরে এই আইন প্রণয়নের জন্য তাগিদ দিয়ে আসছে। আজকেও বৈঠকেও বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে গতকাল (সোমবার) খসড়া আইনটি আইন মন্ত্রণালয় ভেটিং শেষ করে পাঠিয়েছে। শিগগিরই এটা মন্ত্রিসভায় তোলা হবে।”

সংসদের আগামী অধিবেশনেই বিলটি পাসের ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।

“আশাকরি আগামী অধিবেশনে এটা সংসদে উঠবে।”

এদিকে রমজানের শুরুতে কাঁচামরিচসহ কয়েকটি পণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে সংসদীয় কমিটির প্রশ্নের জবাব দিতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে কাঁচামরিচের দাম বাড়ার পর ভারত থেকে আমদানি করে বাজার স্থিতিশীল করা হয়।

তহুরা আলী এ বিষয়ে বলেন, “কাঁচামরিচের দাম বাড়ার বিষয়ে মন্ত্রণালয় একটা ব্যাখ্যা দিয়েছে। তবে এটাই সব নয়। আসলে কোন জিনিষের দাম বাড়ায় শুধুমাত্র সরকারের পদক্ষেপই যথেষ্ট নয়। এখানে ব্যবসায়ীদের নৈতিকতার একটা বিষয় আছে।”

হেলালের অব্যহতিপত্র

সংসদীয় বৈঠক সম্পর্কে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য তদারক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতির আবেদন করা এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিনের পদত্যাগপত্র প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

শনিবার হেলাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্রব্যমূল্য কমিটির সদস্য পদ থেকে অব্যাহতির কথা জানান।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য কিছু ব্যক্তি, সংগঠন ও আইন প্রয়োগকারী সংস্থার চাঁদাবাজিকে দায়ী করে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য তদারক কমিটির সদস্য পদ থেকে  অব্যাহতির আবেদন করে ব্যবসায়ীদের সংগঠনের এই নেতা।

কমিটির সভাপতি এবিএম আবুল কাসেমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য  বাণিজ্য  মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, তহুরা আলী এবং রুমানা মাহমুদ বৈঠকে অংশ নেন।

বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. সাহাব উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।