২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের কমিটি নিয়ে খসরু-শাহাদাত ‘দূরত্ব’

চট্টগ্রাম নগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে কর্মীদের মধ্যে বিরোধকে ঘিরে নগর বিএনপির শীর্ষ দুই নেতার মধ্যেও ‘দূরত্ব’ সৃষ্টি হয়েছে।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 12:47 PM

Updated : 23 Aug 2022, 11:17 AM

এদিকে ‘পদবঞ্চিতরা’ শুরুতে নতুন কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামলেও এখন নতুন কমিটিতে স্থান পেতে তদবির শুরু করেছেন তারা।

প্রায় ১০ বছর পর গত ২১ জুলাই গাজী সিরাজ উল্লাহকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে নগর ছাত্রদলের ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এরপর ২২ জুলাই নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে বিক্ষোভ করে ‘পদবঞ্চিতরা’। ২৪ জুলাই মিছিল নিয়ে এসে তারা নগর বিএনপির কার্যালয়ে আগুন দেয়, আসবাবপত্র ভাংচুর করে।

এরপর গত শুক্রবার নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের কুশপুত্তলিকাও দাহ করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা।

ছাত্রদলের এই কমিটি গঠনের সময় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলেন লন্ডনে। স্থানীয় নেতাদের কেউ কেউ বলছেন, নতুন এই কমিটির বিষয়ে খসরু কিছুই জানতেন না।

সংগঠনের ‘ত্যাগী’ নেতাকর্মীদের অনেকেরই কমিটিতে জায়গা না হওয়ায় খসরু ‘মনঃক্ষুণ হয়েছেন’ বলেও জানিয়েছেন নগর বিএনপির এক নেতা, যিনি আমীর খসরুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

নতুন কমিটিকে কেন্দ্র করে সভাপতির সঙ্গে ‘সাময়িক দূরত্ব’ সৃষ্টির বিষয়টি স্বীকার করেছেন সাধারণ সম্পাদক শাহাদাতও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কমিটি গঠনের বিষয়ে খসরু ভাইকে ভুল বোঝানো হয়েছে। এই দূরত্ব সাময়িক। তিনি তার ভুল বুঝতে পারলেই দূরত্ব ঘুঁচে যাবে।’’

অবশ্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছাত্রদল নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি বিএনপির রাজনীতি নিয়ে ব্যস্ত।’’

‘পদবঞ্চিতদের’ নেতৃত্বে থাকা শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরুর মতো জ্যেষ্ঠ বিএনপি নেতার অনুসারীদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। এ কারণেই আমীর খসরু ও ডা. শাহাদাতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে।’

নগর ছাত্রদলের বিদায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং নতুন সভাপতি গাজী সিরাজ উল্লাহও বলছেন, দুই নেতার মধ্যে ‘দূরত্ব’ ছাত্রদলের কমিটিকে ঘিরেই।

গাজী সিরাজ উল্লাহ বলেন, “নগর ছাত্রদল খালেদা জিয়া ও তারেক জিয়ার রাজনীতি করে। নগর বিএনপির নেতাদের পকেট থেকে ছাত্রদল বেরিয়ে এসেছে। আমরা কোনো গ্রুপিংয়ে বিশ্বাসী নই।”

আমীর খসরু ও শাহাদাতকে নগর বিএনপির ‘মুরুব্বি’ আখ্যায়িত করে তিনি বলেন, “তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে এটা সত্য। তবে এটা ঘুঁচে যাবে। তাদের নেতৃত্বেই আমরা সরকার বিরোধী আন্দোলন করব।”

‘১০ বছর পর কমিটি, তাই দ্বন্দ্ব’

২০০৩ সালের ১৭ ডিসেম্বর মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও আহমেদুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নগর ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়।

এরপর নগরীর থিয়েটার ইন্সটিটিউটে নগর ছাত্রদলের সর্বশেষ সম্মেলন হয় ২০১০ সালের ২০ জুলাই।

ওই সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গোপন ফরমে সাবেক কমিটির ৮১ জন সদস্য ও ১১টি থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের মত নেয়া হয়।

তবে নতুন কমিটিতে সেই মতামতের প্রতিফলিত ঘটেনি বলেই মনে করেন নগর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মোশাররফ হোসেন দীপ্তি।

তিনি বলেন, প্রায় ১০ বছর পর কমিটি হওয়ায় হয়তো কেউ প্রত্যাশা অনুসারে পদ পাননি। পূর্ণাঙ্গ কমিটি হলে তখন বোঝা যাবে কেউ বঞ্চিত কি না।

‘তবে বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা চট্টগ্রাম বিএনপির ইতিহাসে ন্যাক্কারজনক। এ কাজ যেই করুক, তা মেনে নেয়া যায় না।’

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবাইকে নিয়েই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। শৃঙ্খলাভঙ্গের বিষয়ে শিগগিরই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।”

নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ বলেন, গঠনতন্ত্র অনুসারে দুই বছর পর পর সম্মেলন ও কমিটি হলে গত ১০ বছরে কয়েকটি কমিটি হতো। তা না হওয়ায় কেউ হয়তো বাদ পড়েছেন।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলেই সব সমস্যা মিটে যাবে বলে আশা করছেন তিনি।

কমিটিতে স্থান পেলেই আন্দোলন থেকে সরে আসবেন জানিয়ে শেখ রাসেল বলেন, “আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতারা কমিটিতে স্থান পেলে কোনো সমস্যা নেই। তা না হলে মাঠের নেতাকর্মীরা মাঠেই থাকবে।

পুরনো খবর:

চট্টগ্রামে বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন
বিএনপি অফিসে আগুন দেয়ার ঘটনায় মামলা
বিএনপি নেতার কুশপুত্তলিকা পোড়ালো ছাত্রদল