বিএনপি নেতার কুশপুত্তলিকা পোড়ালো ছাত্রদল
বিএনপির চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের কুশপুত্তলিকা পুড়িয়েছে ছাত্রদল কর্মীরা।
শুক্রবার দুপুরে নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদলের নগর কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীরা।
এসময় শাহাদাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগানও দিতে থাকে তারা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ক্ষমতার অপব্যবহার করে এ কমিটি গঠন করেছেন।
নতুন কমিটির ১১ জন সদস্যের মধ্যে নয়জনই বিবাহিত জানিয়ে তাদের বিরুদ্ধে ভূমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেন তারা।
বুধবারের নগর বিএনপি অফিসে আগুন দেয়ার ঘটনার জন্য শাহাদাত ও তার অনুসারীদেরই দায়ী করেন তারা।
ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদ উঠায় বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্যেই এঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন নূর হোসেন উজ্জ্বল, সারোয়ার হোসেন, রবিউল ইসরাম, একরাম হোসেন, রাসেল ও সাইফুল ইসলাম।
রোববার রাতে গাজী সিরাজ উল্লাহকে সভাপতি এবং বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট ছাত্রদলের চট্টগ্রাম নগর কমিটি ঘোষণা করা হয়।
