২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী আসবেন বলে

বগুড়ায় যোগাযোগমন্ত্রীর আগমন উপলক্ষে জনসমাগম ‘বাড়াতে’ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিঠি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 01:26 AM

Updated : 23 Aug 2022, 11:17 AM

মঙ্গলবার ধুনটে একটি সেতু উদ্বোধনের জন্য যাচ্ছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বেশ কয়েকজন শিক্ষক সাংবাদিকদের বলেছেন, তাদের ওই অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, রোজার মধ্যে চিঠি পাঠিয়ে অনুষ্ঠানে যাওয়ার জন্য চাপ দেয়ায় তারা ভয় পাচ্ছেন।

“রোজার মাসে স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু অনুষ্ঠানে না গেলে চাকরির ক্ষতি হতে পারে ভেবে সবাইকে নিয়েই যেতে হবে।”

এই বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংসদ সদস্যের ‘নির্দেশে’ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চিঠি দেয়া হয়েছে।

তবে,দূরের শিক্ষার্থীদের না আসতে বলে আশেপাশের স্কুলগুলোর শিক্ষার্থীদের আসার জন্য বলা হয়েছে বলে দাবি করেন তিনি।