২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে ঢুকতে গেলে পাপুয়া নিউ গিনিতে পাঠাবে অস্ট্রেলিয়া

অবৈধভাবে নৌযানে করে অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করলে তাদের আশ্রয় না দিয়ে পাপুয়া নিউ গিনি পাঠানো হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 04:50 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

সোমবার ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার ক্রেইগ উইলকক নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ জুলাই পাপুয়া নিউ গিনির সঙ্গে চুক্তি সইয়ের পর প্রায় এক হাজার মানুষ অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা চালায়। তাদের সবাইকে আটকের পর নতুন চুক্তির আওতায় পাপুয়া নিউ গিনিতে পাঠানো হয়।

ক্রেইগ উইলকক জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তারা বাংলাদেশের নাগরিক কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে কতো জন নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন সে সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেননি হাই কমিশনার

তিনি বলেন, “তারা বাংলাদেশি না কি তা আমরা যাচাই করার চেষ্টা করছি।”

তিনি বলেন, অবৈধভাবে অস্ট্রেলিয়ায় যেতে গিয়ে গভীর সাগরে ডুবে বহু মানুষ মারা যাচ্ছে। আশ্রয় প্রার্থনার সুযোগ নিয়ে বসবাসের অনুমতি নিয়েছে অনেক চোরাচালানকারী।

গত ১৯ জুলাই পাপুয়া নিউ গিনির সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের স্বাক্ষরিত চুক্তির আওতায় যারা সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় ঢোকার চেষ্টা করবে তাদের পাপুয়া নিউ গিনিতে পাঠানো হবে।

রিজিওনাল সেটেলমেন্ট নামের নতুন ওই ব্যবস্থা অনুযায়ী পাপুয়া নিউ গিনিতে পাঠানো পর অবৈধ অভিবাসীদের জাতীয়তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে রাজনৈতিক আশ্রয় দেয়া হবে।

আর রাজনৈতিক আশ্রয় লাভে ব্যর্থদের  নিজ দেশ বা তৃতীয় কোনো দেশে পাঠানো হবে।

ক্রেইগ উইলকক বলেন, নৌযানে চড়ে বিপজ্জনকভাবে বিদেশ পাড়ি দিতে মানুষের মৃত্যু রোধ এবং মানবপাচার রোধে অস্ট্রেলিয়া এই পদক্ষেপ নিয়েছে।