২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাপে নয়, সুবিধা-অসুবিধাও দেখতে হয়’

বিধি লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের ক্ষমতা ছেড়ে দেয়ার পেছনে রাজনৈতিক চাপ থাকার কথা অস্বীকার করেছেন একজন নির্বাচন কমিশনার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন কমিশনকে দেয়া ওই ক্ষমতা ছেড়ে দেয়ার সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “রাজনৈতিক দলগুলো আমাদের স্টেকহোল্ডার। তাদের সুবিধা-অসুবিধা আমাদের দেখতে হবে। তাদের কিছুই আমরা আমলে নেব না এমন নয়।

“নির্বাচন কমিশন কোনো চাপে পড়ে কাজ করে না। সবার পরামর্শ নিয়ে কাজ করি আমরা।”

ইসির ‘ক্ষমতা কমানোর’ এমন সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ মঙ্গলবার নিজেই সাংবাদিকদের সামনে দাঁড়াবেন।

এ বিষয়ে প্রশ্নের জবাবে সোমবার তিনি সাংবাদিকদের বলেন, “আগামীকাল এ নিয়ে ব্যাখ্যা দেব।”

গত রোববার কমিশনের সভায় গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বহুল আলোচিত ৯১ (ই) ধারাটি বিলোপের সিদ্ধান্ত হয়।

ওই সভার পর নির্বাচন কমিশনার আবু হাফিজ সাংবাদিকদের বলেন, “আমরা নতুন বিধান সংযোজনের প্রস্তাব দেয়ার পরও সমালোচনা হচ্ছে। এজন্যে আরপিওর আলোচিত ধারাটি বিলোপ করতে চাইছি আমরা।”

কমিশনের সভায় আবার আলোচনা করে মন্ত্রণালয়ে এ বিষয়ে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি।

নির্বাচনে গুরুতর অনিয়ম তদন্তে প্রমাণিত হলে ৯১ (ই) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

‘হয়রানির অভিযোগে’ গত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিধানটি বাদ দেয়ার জন্যে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে দাবি ওঠে। বিএনপি এবারো ওই ধারা নিয়ে আপত্তি জানিয়েছে।

এ বিষয়ে মো. শাহনেওয়াজ বলেন, আরপিওর বিদ্যমান দুইটি ধারার (১৭ ও ১৯) সঙ্গে ‘সাংঘর্ষিক’ হওয়ায় ৯১-ই বাদ দেয়ার জন্যে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে ইসি।

“আমাদের ক্ষমতা বাড়ানো বা কমানো নয়, প্রার্থীদের প্রতি অবিচার যাতে না হয় সেজন্য ধারাটি বাতিল করা হচ্ছে। অন্যান্য ধারায় কমিশনের যথেষ্ট ক্ষমতা রয়েছে। কারো মনোনয়ন বাতিল হবে কি হবে না- তা কোর্ট দেখবে।”

একজন নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, ইসির প্রস্তাবটি এ সপ্তাহেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ বিষয়ে ইসির ব্যাখ্যাও তাতে থাকবে।

ভেটিং শেষে আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সংসদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তবে ইসির এ সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষমতা থাকলেই যে ব্যবহার হবে তা কথা নয়। কিন্তু প্রার্থিতা বাতিলে ইসির ইনহারেন্ট পাওয়ারের কারণে প্রার্থীরা কখনো গুরুতর অনিয়ম করার সাহস পাননি আমাদের সময়ে। ধারাটি বাতিল করা হবে মারাত্মক ভুল।”

বাতিল না করে বিধানটি আরো কার্যকর করার ব্যবস্থা নেয়া উচিৎ ছিল বলেও মত দেন সাবেক এই কমিশনার। 

পুরনো খবর:

প্রার্থিতা বাতিলের ক্ষমতা ছাড়ছে ইসি