২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামান: ১৭ সেপ্টেম্বরের মধ্যে সার সংক্ষেপ চায় আদালত

হত্যা ও গণহত্যার অভিযোগে দেয়া ফাঁসির দণ্ডের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের সার সংক্ষেপ আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 11:35 AM

Updated : 23 Aug 2022, 11:16 AM

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারকের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

এদিন কামারুজ্জামানের মামলাটি ছিল আপিল বিভাগের কার্যতালিকার দুই নম্বরে। এ সময় কামরুজ্জামানের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সার সংক্ষেপ জমা দেয়ার জন্য সময়ের আবেদন করেন।

শুনানি শেষে আদালত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান পরে সাংবাদিকদের বলেন, “আমরা আগেই আমাদের বক্তব্যের একটি সারসংক্ষেপ জমা দিয়েছি।”

হত্যা ও গণহত্যার দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ৯ মে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও একটিতে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে কামারুজ্জামান গত ৬ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের আবেদন করেন। তবে সর্বোচ্চ সাজার আদেশ হওয়ায় প্রসিকিউশন এ মামলায় আপিল করেনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুসারে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান থাকলেও কাদের মোল্লার মামলায় প্রথম আপিল ওই সময়ে শেষ  করা যায়নি। দ্বিতীয় আপিল শুনানি এখনো শুরুই হয়নি।

গত ২১ জানুয়ারি দেয়া প্রথম রায়ে ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয়। মামলার পুরো প্রক্রিয়া চলাকালে পলাতক বাচ্চু রায়ের পরও আত্মসমর্পণ করেননি বা তিনি গ্রেপ্তার হননি। এ কারণে তার মামলাটি আপিল পর্যায়ে আসেনি।

২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

তৃতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হলে জামায়াতের ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলোতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারি হিসেবেই পুলিশসহ নিহত হয় ৭০ জনেরও বেশি মানুষ।

চতুর্থ রায়ে গত ৯ মে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকেও মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

এররপর গত ১৫ জুলাই জামায়াতের সাবেক আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ড এবং ১৭ জুলাই দেয়া ষষ্ঠ রায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও একাত্তরের বদরপ্রধান মুজাহিদকে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের আপিল শুনানি শেষে গত মঙ্গলবার আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধের মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে সর্বোচ্চ আদালত।

পুরনো খবর:

‘সাকা গণহত্যায় প্রত্যক্ষভাবে জড়িত’