‘সাকা গণহত্যায় প্রত্যক্ষভাবে জড়িত’
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন।
বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার বিএনপি নেতার বিরুদ্ধে মোট ২৩টি অভিযোগের মধ্যে ছয়টিতে যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি হয়।
তৃতীয় দিনে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অভিযোগের যুক্তি উপস্থাপনকালে এসব অভিযোগে ট্রাইব্যুনালে দেয়া প্রসিকিউশনের ১০ জন সাক্ষী এবং তদন্ত কর্মকর্তার কাছে দেয়া আরো তিনজন সাক্ষীর বক্তব্য উদ্ধৃত করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
এসব সাক্ষ্যের ভিত্তিতে তিনটি অভিযোগেই সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।
যুক্তি উপস্থাপনকালে সুলতান মাহমুদ বলেন, সালাউদ্দিন কাদের ১৯৭১ সালে চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত জগৎমল্লপাড়া, সুলতানপুরের বণিক পাড়া এবং ঊনসত্তরপাড়ায় গণহত্যা সংগঠিত করেছেন।
“এসব ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এমনকি তিনি প্রায় প্রতিটি ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।”
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগের সাক্ষীরা হলেন- আশীষ চৌধুরী, অরুণাংশু চৌধুরী, জোৎস্না বালা, শিরু বাঙালি, অনীল বরণ ধর, বাদল বিশ্বাস, জানতি বালা, চপলা রাণী দাস, সুজিৎ মহাজন এবং আব্বাস উদ্দিন।
দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপনের আগেই অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে তার আইনজীবী একেএম ফখরুল ইসলামের করা দুটি আবেদন শুনানি না করে খারিজ করে ট্রাইব্যুনাল।
এ দুটি হলো- অভিযুক্তের পক্ষে হাই কোর্টের বিচারপতি শামীম হাসনাইনের সাফাই সাক্ষ্যগ্রহণ করা এবং এ বিচারপতির সাক্ষ্যগ্রহণ না করা পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখা।
রোববার হাইকোর্টের বিচারপতি ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেয়ার বিষয়ে প্রধান বিচারপতির অনুমতি চেয়ে করা আবেদনের একটি কপিসহ এ দুটি আবেদন করেন ফখরুল ইসলাম।
রোববার সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। মঙ্গলবারও যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর বুধবার ৩১ জুলাই শুরু হয়ে ৫ অগাস্ট পর্যন্ত আসামিপক্ষের যুক্তি উপস্থাপন হবে। এর মধ্য দিয়ে শেষ হবে এ মামলার বিচারিক প্রক্রিয়া। তারপর রায় ঘোষণার দিন ঠিক করবে ট্রাইব্যুনাল।
‘নূতন চন্দ্রকে গুলি করেন সাকা চৌধুরী’
সাফাই সাক্ষ্য দিয়েছেন তিনি নিজেসহ মোট চারজন। অন্য তিন সাফাই সাক্ষী হলেন তার কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু নিজাম আহমেদ, এশিয়া-প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী।
এর আগে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এ মামলার তদন্ত কর্মকর্তা মো. নূরুল ইসলামসহ প্রসিকিউশনের মোট ৪১ জন সাক্ষী। আর চারজন সাক্ষীর তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।
হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগের একটি মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরে ১৯ ডিসেম্বর তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে গতবছরের ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিএনপি নেতার বিচার শুরু হয়।
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীনের ছেলের সাক্ষ্য
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার সাক্ষ্য দেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূর।
যুদ্ধাপরাধে অভিযুক্ত চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি।
ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেনকে একাত্তরের ১০ ডিসেম্বর রাতে বাড়ি থেকে তুলে নেয় আল বদর বাহিনী। পরে আর তাকে পাওয়া যায়নি।
একাত্তরে তৌহিদ রেজা নূরের বয়স ছিল তিন বছর। মা ও ভাইদের কাছে শোনা ঘটনার বর্ণনা এবং সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে সাক্ষ্য দেন তিনি।
তৌহিদ রেজা বলেন, ছোটবেলা থেকেই মায়ের মুখ থেকে শুনেছেন, ওই রাতে তাদের বাড়িতে যারা গিয়েছিল তারা ছিল আল বদর সদস্য।
এছাড়া বিভিন্ন বইপত্র, পত্রপত্রিকা পড়ে, বিভিন্ন তথ্যচিত্র দেখে এবং ‘প্রজন্ম ৭১’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে একাত্তরের যুদ্ধাপরাধ সম্পর্কে আরো জানতে পারেন তিনি।
১৯৯৫ সালে যুক্তরাজ্যের ‘টোয়েন্টি টোয়েন্টি’ টেলিভিশনের তথ্যচিত্র ‘ওয়ার ক্রাইমস ফাইল’ তৈরির কাজে যুক্ত ছিলেন তৌহিদ রেজা নূর।
চৌধুরী মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান
প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন মৃত ডলি চৌধুরী (অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ভাইয়ের বউ), আ ন ম গোলাম রহমান (আনম গোলাম মোস্তফার ভাই), মৃত আতিকুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।
সাক্ষ্য দেয়া শেষ হলে তৌহিদ রেজাকে জেরা শুরু করেন পলাতক আশরাফুজ্জামানের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আব্দুস শুকুর খান। পরে জেরা মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।
চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে গত ২৪ জুন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হয়। মুঈনুদ্দীন যুক্তরাজ্যে ও আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে রয়েছেন।
তাদের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ভাগ্নি মাসুদা বানু রত্না, শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময়, শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ, অধ্যাপক সিরাজুল হক খানের ছেলে এনামুল হক খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
