টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা
একটানা ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর কাপাসগোলা, বাদুরতলা, চকবাজার, বাকলিয়া, হালিশহর ও আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ বেশ কয়েকটি নিচু এলাকায় পানি জমে গেছে।
বাদুরতলা জঙ্গী শাহ মাজার গেইট এলাকার বাসিন্দা সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ঘুম থেকে উঠেই দেখি রাস্তায় পানি জমে আছে। এ কারণে দুপুর ১২টা পর্যন্ত বাসা থেকে বের হতে পারিনি।”
চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, রোববার দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারি বৃষ্টির কারণে নগরীর কয়েকটি স্থানে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
‘জমে থাকা পানি সরিয়ে দিতে আমাদের কয়েকটি দল বিভিন্ন স্থানে কাজ করছে,” বলেন তিনি।
তবে, লঘুচাপ বা বৃষ্টিপাতের কারণে বন্দরের কাজকর্মে কোনো বিঘ্ন হচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বলেন, বন্দরের বহির্নোঙ্গরে আটটি জাহাজে কাজ চলছে। এছাড়া বন্দরের জেটিগুলোর কার্যক্রমও স্বাভাবিক।
