নাটোরে অজ্ঞান পার্টির কবলে চারজন
অজ্ঞান পার্টির কবলে পড়েছেন দুই মানবাধিকারকর্মীসহ চারজন।
এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র নাথ ঘোষ ও তার সহকারী গনেশ চন্দ্র। অপর দুজনের পরিচয় জানা যায়নি।
শনিবার ভোর রাতে দুই স্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দমকল কর্মীরা তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, নাটোর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে অ্যাডভোকেট রবীন্দ্র নাথ ঘোষ ও তার সহকারী গনেশ চন্দ্রকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এছাড়া শহরের গাজীর বিল এলাকা থেকেও দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক আবুল কালাম আজাদ বলেন, খাবারের সঙ্গে বিষাক্ত কোনোকিছু মেশানোর ফলে তারা সংজ্ঞা হারিয়ে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে।
