নোয়াখালীতে দুই মামলা, আসামি জামায়াতের ২৮২ জন
পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নোয়াখালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ২৮২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।
সুধারাম থানা পুলিশ শুক্রবার রাতে মামলা দুটি দায়ের করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, মামলায় ৩২ জন আসামির নাম উল্লেখ করে বাকিদেরকে অজ্ঞাত পরিচয় হিসেবে দেখানো হয়েছে।
জেলা শহর মাইজদীতে বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবির কর্মীরা যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত নেতাদের ভোটদানের অধিকার রহিত করার সিন্ধান্তের প্রতিবাদে মিছিল বের করেন।
এক পর্যায়ে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের এক উপ পরিদর্শক ও এক কনষ্টেবল আহত হন। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা ব্যাংক, দোকানপাট ও যানবাহন ভাংচুর করে।
ঘটনাস্থল থেকে শিবিরের তিন কর্মীকে আটক করে পুলিশ।
