দুর্নীতি কমে নেতৃত্বের গুণে: মুহিত
বর্তমান সরকারের আমলে আগের যে কোনো সময়ের চেয়ে কম দুর্নীতি হয়েছে দাবি করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দুর্নীতি কমে নেতৃত্বের গুণে।
বৃহস্পতিবার পূর্ত ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘সাফল্যের চার বছর’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত ৯ জুলাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশে ঘুষ লেনদেন কমলেও সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে।
টিআইবির জরিপ অনুযায়ী, দেশের দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে রাজনৈতিক দল ও পুলিশ বিভাগ, এরপরেই রয়েছে বিচার বিভাগ।
তবে মুহিত বলছেন, “উচ্চ পযায়ের দুর্নীতি কমে নেতৃত্বের গুণে। বর্তমান সময়ে উচ্চ পযায়ের দুর্নীতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, এর আগে তা কখনো হয়নি।”
এ সময় বিএনপির নেতৃত্বাধীন বিগত দুটি সরকারের উদাহরণও তিনি মনে করিয়ে দেন।
“এর আগে বিএনপির দুবারের শাসনামলে বিদ্যুত ও জ্বালানি খাতকে দুর্নীতি করে ডুবিয়ে দিয়েছিল। বিশেষ করে বিএনপির শেষবার কমিশনের যন্ত্রণায় কোনো স্থাপনা করা যায়নি।”
বর্তমান সরকার এদেশকে উচ্চ পযায়ের দুর্নীতির ‘রাহুমুক্ত’ করেছে বলেও তিনি দাবি করেন।
“বিরোধীদলীয় নেত্রী ও তাদের নেতাকর্মীদের মুখে একটাই কথা, তা হলো লুটপাট। এতেই বোঝা যায় তারা লুটপাট ছাড়া আর কিছুই বোঝেন না।”
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের উন্নয়ন নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী।
“আমি শুধু একটি উদাহরণ দেব। ৩০ বছর আগে আমি যখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়েছিলাম তখন রাজস্ব আদায় ছিলো জাতীয় আয়ের ৮ শতাংশ। এবার আমি যথন আবার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম তখন তা বেড়ে ১০ শতাংশ হয়। গত চার বছরে রাজস্ব আদায় জাতীয় আয়ের ১৪ শতাংশ হয়েছে।
“তার মানে ৩০ বছরে যে অগ্রগতি হয়েছে, গত চার বছরে অগ্রগতি হয়েছে তার চেয়েও বেশি।”
