২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রনি সমর্থকদের হরতাল, হামলার অভিযোগ বিরোধীদের

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সরকার দলীয় সাংসদ গোলাম মাওলা রনির গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে গলাচিপার উলানিয়া বাজারে হরতাল পালন করেছে তার সমর্থকেরা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বাজারে হরতাল চলার সময়ে তার সমর্থকদের হামলায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার মো. শাহ আলম অভিযোগ করেন, হরতাল চলাকালে রনির সমর্থকরা হরতালবিরোধী স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়।

তিনি বলেন, “সকালে হরতালের সময় বাজারে যে সকল দোকানপাট খোলা ছিল তা জোরপূর্বক বন্ধ করতে হুমকি দেয় হরতালকারীরা। হরতালবিরোধী আওয়ামী লীগের অপর একটি পক্ষ এর প্রতিবাদ করলে রনি সমর্থকরা তাদের উপর হামলা চালায়।”

এতে উলানিয়া বাজার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫ জন আহত হয়েছে বলেও জানান শাহ আলম।

আহতদের মধ্যে ৩ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গলাচিপা থানার ওসি মো. জিয়াউল হক জিয়া আহতদের হাসপাতালে ভর্তির কথা স্বীকার করে বলেন, তাদের আঘাত গুরুতর নয়।

এদিকে গলাচিপা ও দশমিনার বিভিন্ন স্থানে রনির পক্ষে-বিপক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

রনির সমর্থক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শহীদুল ইসলাম বলেন, সকালে রনি সমর্থকরা তার গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে গলাচিপা ও দশমিনা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এদিকে রনির সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে গলাচিপা উপজেলার চিকনিকান্দি বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম।

চার দিন আগে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় বুধবার রনিকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালত তাকে জেলহাজতে পাঠায়।

অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহের জন্য শনিবার পল্টনে রনির কার্যালয়ে গিয়ে মারধরের শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুল।

ভিডিওচিত্রে দেখা যায়, সংসদ সদস্য রনি নিজেই প্রতিবেদক ও ক্যামেরাপার্সনের ওপর চড়াও হয়ে লাথি মারছেন।

ঘটনার পর ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ রনিকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করে। এরপর রনি পাল্টা মামলা করেন, যাতে দুই সংবাদিকসহ ইনডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক ব্যবসায়ী সালমান এফ রহমানকেও আসামি করা হয়।

রনি রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেও টেলিফোনে হুমকির অভিযোগে ইনডিপেন্ডেন্ট কর্তৃপক্ষ একটি জিডি করার পর বুধবার জামিন বাতিল করে রনিকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত।  

এর দুই ঘণ্টার মাথায় গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর বাড্ডা এলাকা থেকে পটুয়াখালীর এই সাংসদকে গ্রেপ্তার করে।

২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মাওলা রনি।

এর আগেও সাংবাদিকদের নিগৃহীত করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর এই সংসদ সদস্যের বিরুদ্ধে।