সমঝোতার পর খুলল চট্টগ্রামের টেরিবাজার
স্থানীয়দের সঙ্গে সমঝোতার পর চট্টগ্রামের টেরিবাজারে আবার ব্যবসা-বাণিজ্য শুরু হয়েছে।
বুধবার তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ ও ভাংচুরের পর ব্যবসায়ীরা টেরিবাজারের সব দোকান বন্ধ করে দেয়ার পর রাতে স্থানীয়দের সঙ্গে সমঝোতা বৈঠক হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসায়ীরা দোকান খোলেন বলে টেরিবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান জানান।
টেরিবাজারের ৮২টি বিপণি কেন্দ্রে প্রায় দেড় হাজার দোকান রয়েছে।
বিরোধের সূত্রপাত হয় বুধবার দুপুরে ‘সাজগোজ’ নামের একটি দোকানের সামনে স্থানীয় এক তরুণের মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে।
এর জেরে অন্য একটি দোকানে ভাংচুর ও এক দোকান কর্মচারীকে স্থানীয়রা মারধর করলে সন্ধ্যায় টেরিবাজারের সব দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
আবদুল মান্নান বলেন, “সাজগোজ ছাড়া সব দোকান খুলেছে। সাজগোজ খোলার বিষয়ে বৃহস্পতিবার আবার বৈঠক হবে।”
দোকান মালিক সমিতির উপদেষ্টা চেয়ারম্যান মোহাম্মদ আলী, সভাপতি ওসমান গণি চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিনুল হক এবং স্থানীয়দের পক্ষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ ইলিয়াছ ও আবদুল আখতার সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন।
