২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রনির গ্রেপ্তার গণমাধ্যমকে শ্রদ্ধার প্রকাশ’

সাংবাদিক পেটানোর ঘটনায় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে গণমাধ্যমের প্রতি সরকারের ‘শ্রদ্ধা’ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল ইক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

সাংসদ রনির গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যমের গায়ে হাত তোলা অমার্জনীয় অপরাধ। এ অপরাধের সঙ্গে যেই যুক্ত হোক- মন্ত্রী হোক আর এমপি হোক- আদালতের বারান্দায় তাকে দাঁড়াতেই হবে।”

অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহের জন্য গত শনিবার পল্টনে সাংসদ রনির কার্যালয়ে গিয়ে মারধরের শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুল।

ভিডিওচিত্রে দেখা যায়, রনি নিজেই প্রতিবেদক ও ক্যামেরাপার্সনের ওপর চড়াও হয়ে লাথি মারছেন।

ওই ঘটনায় ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ রনিকে আসামি করে একটি মামলা করে। অন্যদিকে দুই সংবাদিকের বিরুদ্ধে রনিও পাল্টা মামলা করেন।

রনি রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেও টেলিফোনে হুমকির অভিযোগে ইনডিপেন্ডেন্ট কর্তৃপক্ষ একটি জিডি করার পর বুধবার জামিন বাতিল করে রনিকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত।  

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এর দুই ঘণ্টার মাথায় গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর বাড্ডা এলাকা থেকে পটুয়াখালীর এই সাংসদকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, রনিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।

২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মাওলা রনি। এর আগেও তার বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে।

তথ্যমন্ত্রী ইনু বলেন, “(রনিকে) আদালতের বারান্দায় দাঁড় করানোর মধ্য দিয়ে গণমাধ্যমের প্রতি সরকারের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে, আশা করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনারা সাহায্য করবেন।”

পুরনো খবর:

সাংসদ রনি গ্রেপ্তার