২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফের অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১ আগস্ট

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১ অগাস্ট তারিখ রেখেছে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 06:18 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

একই দিন তার জামিনের বিষয়েও আদেশ আসবে।

এজন্য ৩০ জুলাইয়ের মধ্যে ইউসুফের শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল প্রতিবেদন জমা দেয়ার জন্য জেল কর্তৃপক্ষকে আদেশ দেয়া হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ আদেশ দেয়।

এদিন একেএম ইউসুফের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অভিযোগ গঠনের বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন।

এছাড়া তিনি ইউসুফের জামিন আবেদনের শুনানিতে বেশকিছু মেডিকেল প্রতিবেদন জমা দেন।

Image
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব।

অভিযোগ গঠনের বিরোধিতা করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আদালতে বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর সাধারণ ক্ষমার মাধ্যমে সব যুদ্ধাপরাধীদেরকে মাফ করে দেয়া হয়। একইসঙ্গে দেশ স্বাধীন হওয়ার পর ইউসুফের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, কিন্তু সেখানে তার বিরুদ্ধে হত্যার কোনো অভিযোগ আনা হয়নি। সুতরাং এখন তার বিরুদ্ধে যে হত্যা, গণহত্যার অভিযোগ আনা হয়েছে তা গ্রহণযোগ্য হবে না।

এর আগে গত ১৪ জুলাই অভিযোগ গঠনের শুনানিতে একেএম ইউসুফের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগের বর্ণণা দেন প্রসিকিউটর হৃষিকেশ সাহা।

ইউসুফের জামিন আবেদনের শুনানিতে ব্যারিস্টার রাজ্জাক বলেন, আসামি অসুস্থ, ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলেছেন। ইতিপূর্বে তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে।

তবে এর বিরোধিতা করে প্রসিকিউটর হায়দার আলী বলেন, এর আগে একবার একেএম ইউসুফের জামিন আবেদন নাচক হয়েছে। বাতিলের পর থেকে আসামির স্বাস্থ্যগত অবস্থার কোনো অবনতি হয়েছে, এমন কোনো প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি।

গত ১২ মে প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর ঘণ্টাখানেকের মধ্যে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপব সদস্যরা।

জামায়াতের এ নেতার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগে তদন্ত চূড়ান্ত করে গত ২২ এপ্রিল চিফ প্রসিকিউটর বরাবর প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এসব অভিযোগের মধ্যে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও রয়েছে।

দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ড হলেও আইনটি বাতিল হলে পরে তিনি মুক্তি পেয়ে যান।