২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর নির্দেশেই বাবাকে হত্যা করা হয়: জবানবন্দিতে ডাবলু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামীর নির্দেশেই মুক্তিযোদ্ধা বাবাকে হত্যা এবং ভাইকে নির্যাতন করা হয়েছিল বলে জবানবন্দিতে বললেন সাক্ষী আমিনুল ইসলাম ডাবলু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 06:03 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

আমিনুল এ মামলায় প্রসিকিউশনের ১৪তম সাক্ষী আব্দুস সেলিম লতিফের ছোটো ভাই এবং শহীদ সোহরাব উদ্দিন প্রামাণিকের ছেলে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দি শেষে আমিনুলকে জেরা করেন নিজামীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম। পরে ট্রাইব্যুনাল ১ অগাস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

একাত্তরে তিন বছর বয়সী ডাবলু বর্তমানে বেড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

জবানবন্দিতে আমিনুল বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল আনুমানিক তিন বছর। বড় হওয়ার পর জানতে পারি, আমার আব্বা শহীদ সোহরাব উদ্দিন প্রামাণিক এবং সবচেয়ে বড় ভাই মো. আব্দুস সেলিম লতিফ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।”

তিনি জানান, ১৯৭১ সালের ১৫ আগস্ট বেড়া যাওয়ার পথে নিজামীর সহযোগী রাজাকাররা তার

ভাই মো. আব্‌দুস সেলিম লতিফ ও চাচাত ভাই আলাউদ্দিনকে এলএসডি লঞ্চ ঘাট থেকে আটক করে। আটক করার পর তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়।

বর্তমানে ৪৬ বছর বয়সী আমিনুল ইসলাম ডাবলু জানান, মা, বড় ভাই লতিফ এবং অন্যান্য আত্মীয়-স্বজনদের কাছ থেকে তিনি এ ঘটনার কথা শুনেছেন।

তিনি বলেন, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর নিজামীর নেতৃত্বে রাজাকার, আলবদর ও পাকিস্তানি আর্মিরা তাদের গ্রাম বিশালিখায় হামলা চালায়। 

“ওইদিন নিজামীর নির্দেশে বিশালিখা গ্রামের ৭০-৭৫টি বাড়ি ঘড় পোড়ানো হয়। সেদিনই আমার বাবা সোহরাব আলী প্রামাণিককে নিজামীর নির্দেশে ধরে নিয়ে হত্যা করা হয়।”

সাক্ষ্য দেয়া শেষ হলে আমিনুলকে জেরা করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম।