বাবার পর ছেলেও খুন
নরসিংদী সদরে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ঘোড়াদিয়া বণিকপাড়ার পুকুরপাড় থেকে সুমন সওদাগরের (২৫) লাশ উদ্ধার করা হয়।
তিনি এলাকার প্রয়াত হারুন সওদাগরের ছেলে।
২০০৭ সালে হারুন সওদাগরকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার বাদী ছিলেন সুমন।
স্বজনদের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ঘোড়াদিয়ার নিজ বাড়ি থেকে নরসিংদী বাজারে যাবার উদ্দেশ্যে বের হন সুমন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে ওসি বলেন, সুমনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
“ধারণা করা হচ্ছে হারুন সওদাগর হত্যা মামলার জের হিসেবে পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করা হয়েছে।”
এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
